কোনো দেশের আচরণ মর্যাদাহানিকর হলে জবাব দেওয়ার অধিকার রাখে বাংলাদেশ

ঢাকা, ০৮ জানুয়ারি – অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো দেশের আচরণ যদি বাংলাদেশের জন্য মর্যাদাহানিকর হিসেবে বিবেচিত হয়, তাহলে তার জবাব দেওয়ার অধিকার দেশের রয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি সবার সঙ্গে বন্ধুত্ব।
একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থী বা দল যদি নির্দিষ্ট প্রমাণসহ দেখাতে পারে যে কোনো রিটার্নিং অফিসার পক্ষপাতিত্ব বা দ্বৈত মানদণ্ড অনুসরণ করেছেন, তাহলে নির্বাচন কমিশন বিষয়টি দেখবে। সরকারের হাতে পর্যাপ্ত তথ্য-প্রমাণ এলে তা নির্বাচন কমিশনে পাঠানো হবে বলেও জানান তিনি।
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রসঙ্গে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বাংলাদেশ ওই ভেন্যুতে খেলবে না।
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং কূটনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই বজায় থাকবে। বৃহত্তম প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সুযোগ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই।
তবে তিনি জোর দিয়ে বলেন, “যখন দেখি কোনো দেশের আচরণ আমাদের দেশের মর্যাদার জন্য ক্ষতিকর, তখন অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর অধিকার আমাদের আছে। এর অর্থ এই নয় যে সব ক্ষেত্রে আমরা একই মনোভাব পোষণ করবো।”
তিনি আরও বলেন, দেশের মর্যাদা, নাগরিকদের নিরাপত্তা এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির গাম্ভীর্য বিশ্বদরবারে তুলে ধরার প্রয়োজন হলে সরকার অবশ্যই প্রতিক্রিয়া দেখাবে।
এনএন/ ০৮ জানুয়ারি ২০২৬









