জাতীয়

স্বৈরাচার পালালেও দেশে তাদের ভূত রয়ে গেছে: প্রধানমন্ত্রী

টাঙ্গাইল, ১৪ এপ্রিল – স্বৈরাচারী শাসনব্যবস্থার পতন হলেও দেশে এখনো এর প্রভাব রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, সম্প্রতি শেরপুর ও বগুড়ার একটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে দুএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে পাওয়া যায়নি। অথচ যেখানে নির্বাচন হয়েছে সেখানে পরিবেশ শান্ত থাকলেও বায়তুল মোকাররমে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চলছে।

একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করছে। জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। জনসম্পৃক্ত কর্মসূচিগুলো যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

অতীতে কীভাবে গণতন্ত্র ও মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হয়েছে, তা দেশবাসীর জানা আছে। যারা জনগণের কথা বলে উল্টো তাদের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে, তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আমাদের সবার শেষ ঠিকানা। এই দেশেই আমাদের জন্ম এবং এখানেই শেষ নিশ্বাস ত্যাগ করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে দেশের প্রতিটি নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language