জাতীয়

জাতীয় প্রেস ক্লাবে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপিত

ঢাকা, ১৪ এপ্রিল – জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। বরেণ্য শিল্পীদের বাউল গান, ভাওয়াইয়া এবং দেশীয় সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনায় বর্ষবরণ উৎসব এক আনন্দঘন রূপ নেয়। প্রেস ক্লাব সদস্যদের সন্তানদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো’ গানের মাধ্যমে এই সাংস্কৃতিক আয়োজনের সূচনা ঘটে। সকাল ৮টায় প্রেস ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের জন্য খই, মুড়ি, পায়েস, বাতাসা, খিচুড়ি এবং পান্তা ইলিশের ব্যবস্থা করা হয়।

এরপর দুপুরে দেশীয় বিশেষ খাবারে সদস্যরা সপরিবারে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাংস্কৃতিক পর্বে বাউল সংগীত পরিবেশন করেন পুতুল বাউল, উপমা বাউল, উল্কা হোসেন, ইমু বাউল এবং শামিম বাউল। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী সোহানুর রহমান, আবিদা রহমান সেতু ও মোহনা দাস সংগীত পরিবেশন করেন। উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, সংস্কৃতির বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায়। মোগলদের দ্বারা প্রবর্তিত এই সনের ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, হিজরি সালের সংখ্যা এবং কৃষকের ফসল ও হালখাতার সংস্কৃতির সমন্বয়ে এটি গঠিত। এর মাঝেই আমাদের বাংলাদেশি সংস্কৃতি গভীরভাবে নিহিত। বাংলা নববর্ষ সকল ধর্ম ও বর্ণের মানুষের মাঝে ঐক্যের মিলন ঘটায় বলেও তিনি উল্লেখ করেন। সকাল ৯টায় ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গণি চৌধুরী।

ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক কাজী রওনাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। এ সময় জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন, মাসুমুর রহমান খলিলী, একেএম মহসীন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা সপরিবারে উপস্থিত থেকে এই আনন্দঘন আয়োজন উপভোগ করেন।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language