এশিয়া

থাইল্যান্ডে নববর্ষের প্রথম চার দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫৪

ব্যাংকক, ১৪ এপ্রিল – থাইল্যান্ডে নববর্ষ উৎসবের প্রথম চার দিনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫৪ জন নিহত এবং সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির রাজধানী ব্যাংককে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, গত চার দিনে মোট ৭৫৫টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে এই সংখ্যা গত বছর নববর্ষের সময় হওয়া দুর্ঘটনার তুলনায় ২৫ শতাংশ কম।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র সোমবারেই দেশটিতে ২৩৭টি দুর্ঘটনা ঘটে, যাতে ৫১ জনের প্রাণহানি হয়।

উল্লেখ্য, থাইল্যান্ডে এ বছর ১০ এপ্রিল থেকে নববর্ষের উৎসব শুরু হয়েছে এবং তা ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। উৎসবের এই সময়ে সাধারণত মানুষের যাতায়াত ব্যাপকভাবে বৃদ্ধি পায়। এর ফলে সড়ক দুর্ঘটনার হারও বহুগুণ বেড়ে যায়। এই কারণে উৎসবের সাত দিনকে থাইল্যান্ডে বিপজ্জনক সাত দিন হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।

এনএন/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language