কানাডা

অন্যস্বর টরন্টোর আয়োজনে এক অনন্য শিল্পসন্ধ্যা শান্তা ইসলামের সাথে কথোপকথন

টরন্টো, ২৩ নভেম্বর – গত ২২ নভেম্বর ২০২৫ হিমেল সন্ধ্যায়, টরন্টোর ফিল্ম ফোরাম মিলনায়তনে যেন অন্যরকম উৎসবের আবহ ছড়িয়ে পড়েছিল। এই শহরের শিল্পপ্রেমীরা খুব কমই এমন সুযোগ পান, যেখানে ঘনিষ্ঠ পরিসরে কথা বলা যায় বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন নাটকের উজ্জ্বল এক নক্ষত্রের সঙ্গে। অনুষ্ঠানের নাম কথোপকথন হলেও, এই সন্ধ্যাটি ছিল শিল্পের প্রতি গভীর প্রেম ছোঁয়া এক মানবিক মিলনমেলা। আর কেন্দ্রবিন্দু ছিলেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেত্রী শান্তা ইসলাম, যাঁর অভিনয়যাত্রা আমাদের নাট্যধারাকে করেছে আরও সমৃদ্ধ, আরও বহুমাত্রিক।

শান্তা ইসলাম শুধু একজন অভিনেত্রী নন। তিনি আধুনিক নাট্যমঞ্চের এক শক্তিশালী ভাষা, যিনি চরিত্রের ব্যথা যেমন ধারণ করেন, তেমনি ধারণ করেন মানুষের আশা, প্রতিরোধ এবং সম্ভাবনার গল্প। দীর্ঘ অভিনয়জীবনে তিনি কখনো জিনাত হয়ে দাঁড়িয়েছেন নারীর প্রতিবাদের প্রতীক, কখনো মিরান্ডা হয়েও দেখিয়েছেন নিষ্পাপ বিস্ময়ের অনন্য সৌন্দর্য। তাঁর অভিনয়ে থাকে চরিত্রের গভীরে পৌঁছে যাওয়ার এক বিশেষ শক্তি, যা দর্শকের অন্তরে দীর্ঘসময় রয়ে যায়।

এমন এক শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতা হওয়া শুধু একটি আয়োজন নয়, ছিল এক সৌভাগ্যের মুহূর্ত। আর সেই মুহূর্তে শিল্পচর্চার পথ, অভিজ্ঞতার আলো আর স্মৃতির সুতোয় গাঁথা গল্পগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল উপস্থিত সবার হৃদয়ে।

কথোপকথনের সন্ধ্যা
শনিবার সন্ধ্যায় টরন্টো ফিল্ম ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয় অন্যস্বর টরন্টো আয়োজিত এই জমজমাট কথোপকথন। দলের নেতা আহমেদ হোসেনের সঞ্চালনায় শুরু হয় শান্তা ইসলামের সঙ্গে আলাপ। শুরুতেই তিনি নতুন পুরোনো স্মৃতি উসকে দেন জিনাত ও মিরান্ডা চরিত্র নিয়ে নানা আলোচনার মাধ্যমে।

মাঝপথে শান্তা ইসলাম আবেগতাড়িত হয়ে জিনাত চরিত্রের সংলাপ উচ্চারণ করলে মিলনায়তনে তৈরি হয় এক মায়াবি আবহ। মুহূর্তেই যেন দর্শক পর্দা কিংবা মঞ্চের সেই দৃশ্যে ফিরে যান। তিনি আলাপে জানান, কেমন করে আস্থার ভরসায় আহমেদ হোসেনের ঘাড়ে পা রেখে মিরান্ডা চরিত্রের প্রথম দৃশ্যটি শুরু করেছিলেন, যা তাঁর জন্য ছিল অভিনয়জীবনের এক অনন্য অভিজ্ঞতা।

অভিনয়ের নৈপুণ্য, চরিত্র বিশ্লেষণের সূক্ষ্মতা এবং মঞ্চে উপস্থিতির দৃঢ়তায় দীর্ঘদিন ধরে নিজেকে আলাদাভাবে তুলে ধরেছেন শান্তা ইসলাম। সৈয়দ শামসুল হকের বিখ্যাত নাটক “যুদ্ধ এবং যুদ্ধ” এ জিনাত মহল চরিত্রে তাঁর অভিনয় ছিল সত্যিই অনন্য। ব্যথা, প্রতিরোধ এবং নারী শক্তির যে রূপ তিনি মঞ্চে তুলে ধরেন, তা দর্শকের হৃদয়ে দাগ কেটে যায় গভীরভাবে।

এছাড়া উইলিয়াম শেক্সপিয়ারের “দ্য টেম্পেস্ট” নাটকে মিরান্ডা চরিত্রে তাঁর অভিনয় দেখিয়েছে শিল্পীর বিস্ময়কর বহুমাত্রিকতা। চরিত্রের সরলতা, মানবিকতা, বিস্ময় এবং আবেগ—সব তিনি এত নিখুঁতভাবে ধারণ করেন যে দর্শক চরিত্রটিকে নতুন আলোয় দেখতে শেখে।

অনুষ্ঠানে শান্তা ইসলামকে ঘিরে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি ও চলচ্চিত্রকার এনায়েত করিম বাবুল, বাংলামেইলের সম্পাদক এবং এন আর বি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু, বিশিষ্ট লেখিকা সালমা বাণী, কণ্ঠশিল্পী নাসরিন খান, বাংলাদেশ সেন্টারের সভাপতি শিবু চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঈশাত আরা মেরুনা।

আবৃত্তি পরিবেশন করেন রিফফাত নূয়েরিন। সঙ্গীতে অংশ নেন আসিফ চৌধুরী, মেহজাবীন, স্বপ্নীল এবং ফারজানা হক বেবী। সহযোগিতায় ছিলেন জুলিয়া, শিরীন, ফারিয়া, ইশতিয়াক, বদরুদ্দোজা, মুনিমা শারমিন এবং মাসুদ পারভেজ।


Back to top button
🌐 Read in Your Language