
জুলাইয়ের শেষভাগ। কানাডার ব্র্যাম্পটন শহর তখন গ্রীষ্মের হাওয়া বইছে, শহরতলির শান্ত রাস্তাগুলোয় ছায়া ফেলে লম্বা লম্বা গাছের সারি। ধীরে ধীরে দিন উঁকি দিচ্ছে। আধুনিক শপিং মল, প্রশস্ত রোড, টাউনহাউজের সারি, আর রাস্তার পাশে থেমে থাকা স্কুলবাসগুলো যেন এক শহরের জাগরণ দেখাচ্ছে। Williams Parkway-এর পাশের নিরিবিলি এক ব্লকে সেদিনও যেন স্বাভাবিক ছিল সবকিছু। কিন্তু এই নিস্তরঙ্গ শহরতলির বুকেই ঘটেছিল এক নির্মম ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড—যা আজও ঐ এলাকার অনেক বাংলাদেশি অভিবাসীর মনে পড়ে।
জামিলা আক্তার। চল্লিশ বছর বয়সী, তিন সন্তানের মা, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতক। ছোটবেলায় বাবাকে দেখেছেন স্কুলে পড়াতে, শৃঙ্খলা আর মানবিকতায় বিশ্বাস করতে। সেই শিক্ষা নিয়েই ২০০৩ সালে স্বামী লুতফর রহমানের সঙ্গে কানাডায় আসেন। তখন তাঁদের স্বপ্ন ছিল—ছোট্ট এক ঘর, আর একটু একটু করে জমে ওঠা শান্ত জীবন। কিন্তু সব স্বপ্নই কি শেষ পর্যন্ত স্বপ্নই থাকে?
ব্র্যাম্পটন শহরের একাংশে তখন গড়ে ওঠছিলো এক বাংলাদেশি পাড়া। কেউ বাস চালান, কেউ ফ্যাক্টরিতে কাজ করেন, কেউ রেস্টুরেন্টের শেফ, কেউ বা ক্লিনিং সার্ভিসে। লুতফর রহমান ছিলেন এক ফর্কলিফট চালক। দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। স্থানীয় শহরে একসময় ইলেকট্রিক দোকান চালাতেন। কিন্তু কানাডার জীবন সহজ ছিল না। কাজের অনিয়ম, আর্থিক চাপ, এবং সামাজিক অনিশ্চয়তা তার মধ্যে এক ধরনের মানসিক অবসাদ তৈরি করেছিল।
এদিকে জামিলা প্রোডাকশন সুপারভাইজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছিলেন। তাঁর জীবনধারা আধুনিক হচ্ছিল, তিনটি সন্তানের পড়াশোনায় মনোযোগী ছিলেন। লুতফরের কাছে এ যেন ছিল এক বিদ্রোহ। একটি নারীর স্বনির্ভরতা, তার পেশাগত পরিচিতি—তাঁর পুরুষতান্ত্রিক মানসিকতায় তা ছিল এক ধরনের হুমকি। প্রতিবেশিরা জানিয়েছেন স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিবাদ ও মানসিক অশান্তি চলছিল। দিনদিন তাদের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছিল।
২৯ জুলাই ২০১৬। সকাল সাড়ে আটটা। মেয়েরা তখন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রান্নাঘরে কথা কাটাকাটি। সকাল ৯টা ৭ মিনিট। কথা থেকে ঝগড়া। ঝগড়া থেকে মৃত্যু।
সকাল ৯টা ১৫। রান্নাঘরের ছুরি তুলে নেন লুতফর। মাত্র তিন মিনিটের মধ্যে ঘটে যায় ১৫টি ছুরিকাঘাত। জামিলার বুকে, পিঠে, হাতে—আঘাতের নৃশংসতা বলে দিচ্ছিল ঘৃণা কত গভীর। মেয়েরা পাশের ঘরেই ছিল। বড় মেয়ে, তখন ১২ বছরের, ৯১১-এ কল করে। তার কণ্ঠে আতঙ্ক: “আমার বাবা আমার মাকে ছুরি মারছে।”
পুলিশ আসে, জামিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়। কিন্তু চিকিৎসকেরা কিছুই করতে পারেন না। জামিলা মারা যান। জীবনের যবনিকা পড়ে যায় এক অসমাপ্ত স্বপ্নের।
৩০ জুলাই ২০১৬ জানাযা শেষে জামিলা আক্তারকে ব্রাম্পটন মেমোরিয়াল গার্ডেনস -এ দাফন করা হয়।
লুতফর রহমান পালাননি। তাকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়। তার আইনজীবী যুক্তি দেন—তিনি নাকি হঠাৎ রেগে গিয়ে মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তার মানসিক অসুস্থতার ইতিহাস দেখানো হয়, বলা হয়—স্ত্রী তাকে দমন করছিল।
কিন্তু আদালত বলল ভিন্ন কথা। বিচারক জোসেফ কেনেডি বলেন: “১৫টি ছুরিকাঘাত হঠাৎ রাগ নয়, এটি একটি কল্পনাতীত সহিংসতা।”
২০১৮ সালের নভেম্বরে লুতফরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, যেখানে ২৫ বছর আগে তিনি প্যারোল চাইতে পারবেন না। বর্তমানে তিনি Millhaven Institution-এ (অন্টারিওর একটি ম্যাক্সিমাম সিকিউরিটি জেল) বন্দি।
তিন কন্যা—আয়েশা, মরিয়ম, ফাতিমা (নাম গোপনীয়তার কারণে পরিবর্তিত)। প্রথমে শিশু কল্যাণ সোসাইটির (CAS) হেফাজতে, পরে মামা রফিকুল ইসলামের তত্ত্বাবধানে চলে যায়। ২০২২ সালে জ্যেষ্ঠ কন্যা এক সাক্ষাৎকারে বলেন: “আমি এখনও রান্নাঘরের সেই রক্তের দৃশ্য ভুলতে পারি না।”
উৎস:
SALCO(South Asian Legal Clinic of Ontario): “দ্য আনফিনিশড ফাইট” (২০২১)
IRCC অফিসিয়াল ডকুমেন্ট: স্পন্সরশিপ স্ক্রিনিং গাইডলাইনস (২০২৩)
স্ট্যাটিস্টিকস কানাডা: ডোমেস্টিক ভায়োলেন্স ট্রেন্ডস রিপোর্ট (২০২৩)







