ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন

কুষ্টিয়া, ১২ অক্টোবর – কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী রাশেদুল ও রেজাউলসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (১২ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। এর আগে, শুক্রবার তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘ উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)।
জানা যায়, রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটরসাইকেল চুরি এবং চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। অপরদিকে আমিনুলের নামে মাদকসহ সন্ত্রাসী মামলা রয়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১২ অক্টোবর ২০২৪









