ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর: ড. ইউনূস ও আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ঢাকা, ২০ আগস্ট – রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
মামলায় অজ্ঞাতনামা আরও তিন থেকে পাঁচ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী বাদী হয়ে এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারীফ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পরিবেশ উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
এ ছাড়া শিক্ষার্থী সমন্বয়ক আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইনের নামও আসামির তালিকায় রয়েছে। আরজিতে অভিযোগ করা হয়, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে কোনো উসকানি ছাড়াই ধানমন্ডি ৩২ নম্বর ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন।
পরবর্তীতে এক থেকে নয় নম্বর আসামিদের নির্দেশে ও বুলডোজার ব্যবহার করে ভবনে ভাঙচুর চালানো হয়। এতে স্বাধীনতা যুদ্ধের মূল্যবান দলিলপত্র, সংগৃহীত স্মৃতিচিহ্নসহ বিপুল পরিমাণ সম্পদ লুটপাট ও অগ্নিসংযোগে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন।
এস এম/ ২০ আগস্ট ২০২৬









