জাতীয়

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু, মির্জা ফখরুলের জয় প্রায় নিশ্চিত

ঢাকা, ২০ আগস্ট – দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের সংসদ কক্ষে এই নির্বাচনী প্রক্রিয়া আরম্ভ হয়। বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে সংসদের ৩৪৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী।

ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিপরীতে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অলি আহমদ। সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবং ২৪৭ জন সদস্যের সমর্থন পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

সংসদীয় গণতন্ত্রে ১৯৯১ সালের পর এটি দ্বিতীয়বারের মতো ভোটগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনা। এর আগে গত সাতটি নির্বাচনে রাষ্ট্রপতিগণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

সংসদ সদস্যদের নিজ নিজ আইডি কার্ড সাথে রাখতে বলা হয়েছে। ব্যালট পেপার সংগ্রহ করার সময় কাউন্টার ফয়েলে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। এছাড়া ব্যালটের নির্ধারিত স্থানে প্রার্থীর নামের বিপরীতে ভোটারের পূর্ণ নাম লিখে নির্দিষ্ট ব্যালট বাক্সে জমা দিতে হবে।

কোনো কারণে ব্যালট নষ্ট হলে নির্বাচনকর্তার মাধ্যমে পুনরায় ব্যালট সংগ্রহের সুযোগ রয়েছে। তবে সংসদ কক্ষে অবস্থানকালে কোনো ধরনের প্রচার বা ভাষণ প্রদান নিষিদ্ধ করা হয়েছে। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনা শুরু হবে।

বৈধ ও বাতিল ভোটের সংখ্যা নির্ধারণের পর বিজয়ীর নাম ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল জানানো হবে। উল্লেখ্য যে গত ২৪ জুলাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার ফলে এই শীর্ষ পদটি শূন্য হয়। এরপর ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এস এম/ ২০ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language