টলিউড

‘ভাল স্পর্শ-খারাপ স্পর্শের পার্থক্য শেখা জরুরি’, ছেলেমেয়েকে কোন শিক্ষা দিয়েছেন ঋতুপর্ণা?

কলকাতা, ৩১ আগস্ট – কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল সারা ভারত। সমাজে নারীদের অবস্থান নিয়ে আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। অনেকেই দাবি করছেন, ছোটবেলা থেকেই শিশুদের যৌনশিক্ষা দেওয়া উচিত।

এ বিষয়ে কীভাবে ছেলে-মেয়েকে সচেতন করেন তা জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

অভিনেত্রী বলেন, স্কুলে এখন ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য শেখানো হয়। প্রতিটা স্কুলেই কিন্তু এই শিক্ষাটা দেওয়া জরুরি। শুধু মেয়েদের নয়, ছেলেদেরও এই শিক্ষাটা দেওয়া দরকার। যে পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে, ছেলেদেরও বোঝানো উচিত তাদের কীভাবে চলা উচিত। সম্মানের সঙ্গে বাঁচতে হলে কী কী করা উচিত আর কী করা উচিত নয়, তা এখনও বলা না হলে অনেকটা দেরি হয়ে যাবে।

তিনি বলেন, ছেলেদের বোঝানো উচিত, তারা যেন সীমা অতিক্রম না করে। ওদের শেখাতে হবে, নারীদের কীভাবে সম্মান করতে হয়, কোন চোখে দেখা উচিত। ছেলে-মেয়ে নির্বিশেষে কারও কখনও সীমা অতিক্রম করা উচিত নয়।

অভিনেত্রী বলেন, বয়স দেখে তো অঘটন আসে না এখন। পাঁচ বছরের শিশুকন্যা বা ৭০ বছরের বৃদ্ধা, কারও কোনও নিরাপত্তা নেই। তাই নির্দিষ্ট বয়সে পৌঁছলে মেয়েকে সচেতন করব, এমন নয়। জ্ঞান হওয়ার পর থেকেই তাকে এই বিষয়গুলো নিয়ে সচেতন করা প্রয়োজন। কারণ বয়স নির্বিশেষেই অঘটন ঘটতে থাকছে। দু’বছরের বাচ্চাকে দেখেও যৌন আকাঙ্ক্ষা হয়? এই সব ভেবেই আমি হয়রান হয়ে যাই। মানুষের মানসিকতা কতটা বিকৃত হলে এটা সম্ভব! সমাজটাই কতটা বিকৃত হয়ে গিয়েছে।

আইএ/ ৩১ আগস্ট ২০২৪


Back to top button
🌐 Read in Your Language