হঠাৎ পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক

ওয়াশিংটন, ০৩ জুন – ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বুজবি হঠাৎ পদত্যাগ করেছেন। রোববার (২ জুন) ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী এ তথ্য জানান।
স্যালি ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হন। তিনি ছিলেন আমেরিকান জনপ্রিয় পত্রিকাটির গত ১৫০ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক।
জানা গেছে, স্যালির নেতৃত্বে ওয়াশিংটন পোস্ট এ পর্যন্ত ছয়টি পুলিৎজার পুরস্কার জিতেছে। তার মধ্যে তিনটিই গত মাসে পেয়েছে সংবাদমাধ্যমটি।
প্রকাশক ও সিইও উইলিয়াম লুইস চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন পোস্টের দায়িত্ব নেন। তার দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত নেয়া পদক্ষেপের মধ্যে এটিই সবচেয়ে বড়। তবে, স্যালি কী কারণে পদত্যাগ করেছেন, তা জানা যায়নি।
লুইস জানান, ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক প্রধান সম্পাদক ম্যাট মুরে স্যালির স্থলাভিষিক্ত হচ্ছেন। তবে স্যালি কেন পদত্যাগ করছেন সে সম্পর্কে কিছু বলেননি।
এদিকে, কর্মীদের কাছে পাঠানো ইমেইলে লুইস বার্তাকক্ষে নতুন বিভাগ চালুর কথা জানিয়েছেন। এটি গতানুগতিক বার্তা, সম্পাদকীয় ও মতামত বিভাগ থেকে আলাদা হবে বলে উল্লেখ করেন তিনি। এআই ব্যবহার করে চালু করা নতুন বিভাগের দেখভাল মুরে করবেন বলেও তিনি জানান।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০৩ জুন ২০২৪









