রাজধানীর জিরো পয়েন্টে সিমেন্টবাহী গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

ঢাকা, ২১ এপিল – রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে সিমেন্ট বহনকারী ট্রাকের ধাক্কায় মোছা. আয়েশা (২০) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই নারী পোশাক শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আয়েশা পটুয়াখালী সদরের চারাবুনিয়া গ্রামের মোশারফ পেদার মেয়ে। বর্তমানে গাজীপুরের চেরাগ আলী ফকির মার্কেটের পাশে ভাড়া থাকতেন তিনি।
পুলিশ সু্ত্রে জানা যায়, রোববার গুলিস্তানের বায়তুল মোকারমের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে দ্রুত গতিতে প্রিমিয়ার সিমেন্ট বহনকারী একটি ট্রাক আসছিল। ওই সময় সদরঘাট থেকে ছেড়ে আসা আজমেরী গ্লোরি নামে যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আহত হন বাসের যাত্রী আয়েশা। পরে পথচারীরা দ্রুত ওই নারী পোশাকশ্রমিককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সূত্র: বিডি২৪লাইভ
আইএ/ ২১ এপিল ২০২৪







