সংগীত

টিকটকে সরব থাকার কারণ জানালেন কণ্ঠশিল্পী ইমরান

ঢাকা, ৩০ ডিসেম্বর- জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। চলতি বছরের মাঝামাঝি সময়ে টিকটক ‘তারকা’ অপুকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। শোবিজ অঙ্গনের অনেকেরই এই মাধ্যমে অ্যাকাউন্ট রয়েছে। যদিও বিষয়টিকে অনেকেই নেতিবাচক দৃষ্টিতে দেখেন। শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের টিকটকে অ্যাকাউন্ট রয়েছে। এতে তার ফলোয়ারের সংখ্যা প্রায় ৮ লাখ। নিয়মিত টিকটকে ভিডিও পোস্ট করতে দেখা যায় এই সংগীতশিল্পীকে।

টিকটকে সরব থাকার কারণ ব্যাখ্যা করে ইমরান মাহমুদুল বলেন—মূলত আমার গানগুলোর প্রমোশনের কাজে এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকি। যেকোনো শিল্পকর্ম সৃষ্টি করে তা ফেলে রাখলে কোনো লাভ নেই। সেগুলো পৌঁছে দিতে হবে দর্শক-শ্রোতাদের কাছে।

যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মকে ইতিবাচকভাবে দেখেন ইমরান। এ প্রসঙ্গে তিনি বলেন—যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মকেই ইতিবাচকভাবে তুলে ধরা সম্ভব। যদি তার সঠিক ব্যবহার করা যায়। বিজয় দিবস উপলক্ষ্যে টিকটকে ‘জয় বাংলা ক্যাম্পেইন’-এ অংশ নিয়েছি। এই প্ল্যাটফর্মটা যেহেতু কিশোর-কিশোরীদের মাঝে ব্যাপক জনপ্রিয়, তাই এই মাধ্যম ব্যবহার করে কিশোর-কিশোরীদের মাঝে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া সম্ভব।

নিয়মিত গানে কণ্ঠ দিচ্ছেন ইমরান মাহমুদুল। নিজের গানের মিউজিক ভিডিওতে মডেলে হিসেবে পর্দায় হাজির হয়েছেন তিনি। চলচ্চিত্র কিংবা নাটকে অভিনয় করার কোনো ইচ্ছা রয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন—গানটা যেমন শিখে গাওয়ার বিষয় অভিনয়টাও ঠিক তেমন। ছোটবেলা থেকে গান শিখেছি বলে এখন গাইতে পারি, তেমনি যদি কখনো অভিনয় করতেই হয় তখন শিখে নেব।

আডি/ ৩০ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language