পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলা: আদালতে যুক্তিতর্ক শুরু

ঢাকা, ৪ জুন – রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এই শুনানি শুরু হয়।
এদিন সকালে কড়া নিরাপত্তায় মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। সকাল ১১টা ২৪ মিনিটে সোহেল রানাকে এজলাসে তোলা হলেও তার স্ত্রী স্বপ্না অসুস্থ বোধ করায় প্রাথমিক চিকিৎসা শেষে বেলা ১১টা ৩৮ মিনিটে তাকে এজলাসে আনা হয়।
শুনানিতে রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অন্যদিকে আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ যুক্তি উপস্থাপন করেন। এর আগে গত ১ জুন আদালত এই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন।
পরবর্তী চার দিনে দ্রুততম সময়ে সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি সম্পন্ন করা হয়। গত ১৯ মে পল্লবীর নিজ ফ্ল্যাট থেকে স্কুলে যাওয়ার পথে শিশু রামিসাকে কৌশলে নিজেদের রুমে নিয়ে যান আসামিরা।
পরে সেখানেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পুলিশ দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
এস এম/ ৪ জুন ২০২৬









