বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ

ঢাকা, ৪ জুন – বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। প্রায় ২১ মাস দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণে তিনি সরকারি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার বিএসইসি থেকে তার পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
এক বিবৃতিতে খন্দকার রাশেদ মাকসুদ বলেন,
দেশের পুঁজিবাজারের একটি অস্থিতিশীল সময়ে তিনি ও তার দল কমিশনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারের আইনি কাঠামো ও শৃঙ্খলা পুনর্গঠনে বিশেষ জোর দেওয়া হয়। তার মেয়াদে মার্জিন, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও, মিউচুয়াল ফান্ড ও ঋণপত্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
তিনি আরও জানান,
করপোরেট গভর্ন্যান্স ও অডিট সংক্রান্ত তিনটি খসড়া বিধিমালা জনমত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে। এছাড়া সিকিউরিটিজ আইন ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইনের খসড়া প্রস্তুত করে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে পাঠানো হয়েছে।
বাজারে আইনের শাসন প্রতিষ্ঠায় কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে তৃণমূল পর্যায়ে বিভিন্ন উদ্যোগ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার বাড়ানো হয়েছে বলে দাবি করেন বিদায়ী চেয়ারম্যান।
পদত্যাগের ঘোষণায় তিনি কমিশনের কর্মী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি দক্ষ দল রেখে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ৪ জুন ২০২৬









