হাজিদের লাগেজ থেকে মালামাল চুরির অভিযোগ নাকচ করলেন বিমান প্রতিমন্ত্রী

ঢাকা, ৪ জুন – সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হাজিদের দেড়শ লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন,
অভিযোগটি সামনে আসার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সিসিটিভি এবং বডি অন ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তদন্ত করা হয়েছে। এতে কোনো ধরনের অনিয়ম বা মালামাল সরিয়ে ফেলার প্রমাণ পাওয়া যায়নি।
তিনি আরও উল্লেখ করেন,
গত পরশু রাতে হাজিরা ফেরার পর এই সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেখানে প্রধানমন্ত্রীকে ট্যাগ করা হয়। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত তদন্তের নির্দেশ দেন। তদন্তে দেখা গেছে, ওই ফ্লাইটে মোট ৮৩৬টি লাগেজ ছিল।
এর মধ্যে গ্রাউন্ড স্টাফদের কাছে মৌখিকভাবে মাত্র ২১টি লাগেজ ছেঁড়া বা কাটা অবস্থায় থাকার কথা জানানো হয়েছিল। লাগেজ ব্যবস্থাপনার নিয়ম ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী মূল লাগেজের ভেতরে কোনোভাবেই জমজমের পানি বা সঠিকভাবে সিলগালা না করা তরল পদার্থ বহন করা যায় না।
স্ক্যানিংয়ের সময় এমন কিছু পাওয়া গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী লাগেজ খুলে বা কেটে তা সরিয়ে ফেলে। এছাড়া নগদ টাকা বা মানিব্যাগ বুকিং লাগেজে রাখা নিষিদ্ধ। তিনি সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানান।
এস এম/ ৪ জুন ২০২৬









