সংগীত

হৃদয় খানের সুরে প্রথমবার গান গাইলেন ইমরান

ঢাকা, ১৮ এপ্রিল – দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানের সুর ও সংগীতে প্রথমবারের মতো কণ্ঠ দিয়েছেন গায়ক ইমরান মাহমুদুল। ‘ফিরে এলে না’ শিরোনামের গানটি শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাবে বলে জানিয়েছেন শিল্পী। গত মার্চ মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। বিরহ ও প্রেমের সংমিশ্রণে তৈরি এই গানটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন।

গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমরান বলেন, হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে। বর্তমানে চলচ্চিত্র, নাটক ও ম্যাগাজিন অনুষ্ঠানের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ইমরান। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে তিনটিতেই তার গাওয়া গান রয়েছে।

এর মধ্যে প্রিন্স সিনেমার পরী, রাক্ষস সিনেমার শুদ্ধতার প্রেম ও তুমি ছাড়া এবং দম সিনেমার কোথায় পাবো তাহারে গানগুলো বেশ প্রশংসা কুড়িয়েছে। স্টেজ শো নিয়েও ব্যস্ততা রয়েছে এই শিল্পীর। আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে গান গাইতে যাবেন ইমরান এবং সেখানে কয়েকদিন অবস্থান শেষে ৭ মে দেশে ফিরবেন। এরপর আগামী জুলাই মাসে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে স্টেজ শোতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language