শিশু রামিসা হত্যা মামলা: যুক্তি উপস্থাপনের আগে আসামি স্বপ্না অসুস্থ

ঢাকা, ৪ জুন – রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যুক্তি উপস্থাপনের আগে অসুস্থ হয়ে পড়েছেন প্রধান আসামি স্বপ্না আক্তার। বৃহস্পতিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে শুনানি শুরুর আগেই এই পরিস্থিতির সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ জানিয়েছেন, আসামি স্বপ্না আক্তারকে হাজতখানায় রেখে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টায় যুক্তি উপস্থাপনের কথা থাকলেও স্বপ্নার অসুস্থতার কারণে তা বিলম্বিত হয়।
এর আগে মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে কড়া নিরাপত্তায় সকাল ৮টায় আদালতে হাজির করা হয়। বেলা ১১টা ২৪ মিনিটে সোহেল রানাকে এজলাসে তোলা হলেও প্রাথমিক চিকিৎসা শেষে স্বপ্নাকে ১১টা ৩৮ মিনিটের দিকে সেখানে নেওয়া হয়।
মামলার নথিপত্র অনুযায়ী,
গত ১৯ মে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসাকে কৌশলে ঘরে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। পুলিশ দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার করে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে।
গত ১ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। ইতিপূর্বে আত্মপক্ষ সমর্থনে শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।
এস এম/ ৪ জুন ২০২৬









