ক্রিকেট

এপ্রিলে হতে পারে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর: নিজামউদ্দিন

ঢাকা, ২৯ ডিসেম্বর- করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে দুইবার বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে। তবে আগামী এপ্রিলে বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করতে পারে বলে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এই মুহূর্তে আমরা শ্রীলঙ্কা বোর্ডের সাথে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করছি। এবার এই প্রস্তাবটি শ্রীলঙ্কা থেকে এসেছে। প্রথমবার আমাদের সাথে আলোচনা হয়েছিল তবে সিরিজটি হয়নি। আমরা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে আগ্রহী।’

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি ছিল বাংলাদেশের। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ । কিন্তু করোনার কারণে সফরটি স্থগিত হয়ে যায়।

অক্টোবর-নভেম্বরেও শ্রীলঙ্কা সফর নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টাইন ইস্যুতে শ্রীলঙ্কা কঠোর অবস্থানে থাকায় সিরিজ আয়োজন ভেস্তে যায়। শ্রীলঙ্কা বোর্ড চেয়েছিল ১৪ দিনের কোয়ারেন্টাইন সময়ে হোটেলের বাইরে যেতে পারবে না বাংলাদেশ দল। এমনকি অনুশীলনও না। কিন্তু শ্রীলঙ্কা বোর্ডের এমন কঠিন শর্তে রাজি হয়নি বাংলাদেশ।

তবে সিরিজটি এখন পুনরায় আয়োজনের আলোচনা শুরু করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের এপ্রিলে কমপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যেতে পারে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

তিনি বলেন, ‘এই মুহূর্তে সিরিজটি আয়োজনের জন্য এপ্রিল মাসকে লক্ষ্য করা হয়েছে। এবার আমাদের জন্য একটি উপযুক্ত স্লট রয়েছে। আমরা সিরিজটি নিয়ে কাজ করছি এবং আমরা কমপক্ষে দুইটি টেস্ট খেলতে চেষ্টা করব।’

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/২৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language