পশ্চিমবঙ্গ

মোদি স্টেডিয়ামে ফাইনাল হওয়ায় হেরেছে ভারত

কলকাতা, ২৫ নভেম্বর – ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়েছে পাঁচদিন আগে। এবারের আসরে সেমিফাইনাল পর্যন্ত টানা ১০ ম্যাচে অপরাজিত থেকে শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল স্বাগতিক দেশ ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্যত দাঁড়াতেই পারেননি রোহিত-কোহলিরা।

অসিদের কাছে ৬ উইকেটে হেরে, ঘরের মাঠে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় টিম ইন্ডিয়া। ওই হারের যন্ত্রণা এখনো ভুলতে পারেনি দেশের ক্রিকেটপ্রেমীরা। বিষয়টি নিয়ে দেশটিতে এবার শুরু হয়েছে রাজনৈতিক বাগ্‌যুদ্ধ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নির্বাচিত নিজ দলের জনপ্রতিনিধিদের নিয়ে সমাবেশের আয়োজন করে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের প্রসঙ্গ টেনে আনেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হলে এভাবে হারতো না টিম ইন্ডিয়া। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের খেলা হওয়ার কারণেই এই পরাজয়।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের পাল্টা সমালোচনা করেছে বিজেপি। মমতাকে ‘রাষ্ট্রবিরোধী’ মন্তব্য করে মামলা করার কথা জানান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language