ইনকিলাব মঞ্চের হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ১৫ জুলাই

ঢাকা, ২৮ জুন – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্ধারিত তারিখ থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি।
এর পরিপ্রেক্ষিতে আদালত নতুন করে এই তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের (ডিবি) দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি। দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী অটোরিকশাটি পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
এই ঘটনায় গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেন আব্দুল্লাহ আল জাবের যা পরবর্তীতে হত্যা মামলায় রূপান্তরিত হয়। গত ৬ জানুয়ারি এই মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছিল গোয়েন্দা পুলিশ।
অভিযুক্তদের মধ্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ আরও অনেকে রয়েছেন। ডিবির তদন্তে উঠে এসেছিল যে রাজনৈতিক প্রতিহিংসা এবং সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
এস এম/ ২৮ জুন ২০২৬









