নরসিংদী

নরসিংদীর বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে

নরসিংদী, ৩০ অক্টোবর – দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর-বাবুরহাটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার রাত ২টা ৬মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওসি (মিডিয়া) শাহজাহান সিকদার।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের প্রচেষ্টায় রাত ২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা হবে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

এর আগে, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাপড়পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নরসিংদী সদর, মাধবদী, পলাশ, মনোহরদী ও আড়াইহাজারের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

জানা গেছে, বাজারের ভেতরের সড়ক সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

ব্যবসায়ীরা জানায়, এরই মধ্যে তাদের অর্ধশত কাপড়ের দোকান পুড়ে গেছে।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে নিশ্চিতভাবে জানা যায়নি। কোনো হতাহতের খবর পাইনি। আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language