পশ্চিমবঙ্গ

দল ব্যবস্থা নিতে ভয় পাচ্ছে! মহুয়া মৈত্র ও তৃণমূলকে প্রশ্নবাণ বিজেপির

কলকাতা, ২৩ অক্টোবর – কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগকে ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। তদন্তের জন্য অধ্যক্ষ ওম বিড়লা বিষয়টিকে এথিক্স কমিটির কাছে পাঠিয়েছেন। আর এই সময় এই পুরো বিষয়টি নিয়ে তৃণমূলের অফিসিয়াল অবস্থানকে নিশানা করেছেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা।

বিজেপি নেতা তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, তৃণমূল মহুয়া মৈত্রকে নিয়ে মন্তব্য করবে না। অন্যদিকে সাংসদ আত্মপক্ষ সমর্থন করবেন। তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বিজেপি নেতা তৃণমূলকে কয়েকটি প্রশ্ন করেছেন।

তিনি জিজ্ঞাসা করেছেন, লোকসভা সাংদ মহুয়া মৈত্র ঘুষ নিয়ে এবং বিদেশ থেকে পরিচালিত প্রতিদ্বন্দ্বী কর্পোরেট কর্তৃপক্ষকে লগইন করে গুরুতর লঙ্ঘন করেছেন, তা কি তৃণমূল স্বীকার করে? যদি তাই হয়, তাহলে কেন তাঁকে বরখাস্ত করার পরিবর্তে তৃণমূল এখনও তাঁকে পদে রেখেছে?

এর পাশাপাশি বিজেপি নেতা প্রশ্ন করেছেন, তৃণমূল কি এর ব্যাপারে পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে, কারণ কি এর পিছনে কিছু লুকনোর আছে? দলের লোকজন এসব জানতো, নাকি সমর্থন করেছিল? বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা তৃণমূলের কাছে পুরো বিষয়টি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার দাবি করেছেন।

উল্লেখ করা প্রয়োজন সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহাদরাই সিবিআই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে চিঠি লিখে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। সংসদে প্রশ্ন করার জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি করা হয়েছে।

সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
আইএ/ ২৩ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language