জাতীয়

জুলাই স্মৃতিস্তম্ভের অনুষ্ঠানে বিরোধী দল না আসায় শহীদ পরিবারকে অবজ্ঞার অভিযোগ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,১৯ অক্টোবর-প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে বর্তমান বিরোধী দল ও জনগণের কাছে গিয়েছে, তাঁরাও জনগণের কাছে গিয়েছেন। জনগণই সিদ্ধান্ত নিয়েছে, আগামী পাঁচ বছর কারা রাষ্ট্র পরিচালনা করবেন। সেই অনুযায়ী, জনগণ হয়তো বিএনপিকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছে, আবার বিরোধী দলকেও সমর্থন দিয়েছে। তিনি মনে করেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত না হয়ে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আধুনিকায়ন করা ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন।

বর্তমান বিরোধী দল শুধু বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা অবশ্যই সরকারের বিরোধিতা করবে। তবে সেই বিরোধিতা হওয়া উচিত গঠনমূলক। তিনি অভিযোগ করেন, বিরোধী দল জুলাইকে ধারণ করে না। এ কারণেই আমন্ত্রণ পেয়েও ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি বিরোধীদলীয় নেতা।

প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের যদি আমাদের সঙ্গে একই মঞ্চে বসতে আপত্তি থাকে, তাহলে চাইলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও তো বসতে পারতেন। অথচ তারা ভোট দিয়েছেন বলেই আমরা সরকারে এসেছি, আর তারা বিরোধী দলে রয়েছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

এস এম/ ১৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language