গাজীপুর

প্রেমের টানে মালয়েশিয়া থেকে এসে কাপাসিয়ার যুবককে বিয়ে

গাজীপুর, ১৭ সেপ্টেম্বর – কাপাসিয়ার প্রেমিক মোহন বন্দুকসীর কাছে প্রেমের টানে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী নূরুল আতিয়া (২২)। গত বুধবার (১৩ সেপ্টম্বর) গাজীপুরের কাপাসিয়ার প্রেমিকের কাছে চলে আসেন ওই তরুণী। গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) নগদ এক লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে তারা গাজীপুর আদালতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

ছেলের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বাঘুয়া গ্রামের আব্দুল মান্নান বন্দুকসীর ছেলে মোহন বন্দুকসী গত প্রায় ১২ বছর যাবৎ মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মালয়েশিয়ান তরুণী নূরুল আতিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এক সময় সেখানে তাদের দেখা সাক্ষাৎ হলে বন্ধুত্ব থেকে সম্পর্ক প্রেমে গড়ায়।

দীর্ঘ সময় প্রেমের পর গত আগস্ট মাসের প্রথম দিকে মোহন বন্দুকসী স্থায়ীভাবে দেশে চলে আসেন। এ সময় তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে। পরে নূরুল আতিয়া তার বাবা মার সঙ্গে আলোচনা করে মোহন বন্দুকসীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসার সিদ্ধান্ত নেন। গত বুধবার তিনি গাজীপুরের কাপাসিয়ায় মোহন বন্ধুকসীর বাড়িতে হাজির হন। এ সময় মোহনের পরিবারের লোকজন বিষয়টিকে স্বাভাবিকভাবেই মেনে নেয়।

মোহন বন্দুকসী জানান, নূরুল আতিয়া আগামী কিছুদিন দেশে থেকে ২৪ সেপ্টেম্বর মালয়েশিয়া যাবেন। সেখানে জরুরি কিছু কাজ শেষে স্থায়ীভাবে আমার সঙ্গে বসবাস করতে এদেশে চলে আসবেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৭ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language