ক্যান্সারের কাছে হেরে গেলেন কিংবদন্তি পেসার হিথ স্ট্রিক

ঢাকা, ২৩ আগস্ট – ক্যানসারের কাছে হেরে ৪৯ বছরেই থেমে গেছে বাংলাদেশের সাবেক কোচ ও জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক। এর আগে গত মে মাসে হিথ স্ট্রিকের ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য তাকে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকরা বলেছিলেন, অলৌকিক কোনও ঘটনা ছাড়া তাঁর বাঁচা কঠিন। সেই কথার প্রমাণই যেন মিলল এবার।
১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হিথ স্ট্রিকের দেশের জার্সিতে অভিষেক হয়েছিল। এর পরে হিথ স্ট্রিক জিম্বাবোয়ের হয়ে ১৮৯টি ওয়ানডে এবং ৬৫টি টেস্ট খেলেছেন। জিম্বাবোয়ের সাবেক অধিনায়কও ছিলেন তিনি।
স্ট্রিক টেস্টে ২২.৩৫ গড়ে ১৯৯০ রানের রেকর্ড করেছেন এবং খেলার দীর্ঘতম ফর্ম্যাটে ২৮.১৪ গড়ে ২১৬ উইকেট নিয়েছেন। এবং সাদা বলের ক্রিকেটে হিথ স্ট্রিক ২৯৪৩ রান সংগ্রহ করেছেন এবং ২৩৯টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এই কিংবদন্তি জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন ২০০৫ সালে।
ক্রিকেটীয় জীবন শেষে নাম লেখান কোচিংয়ে। ২০১৪ সাল থেকে বাংলাদেশের কোচিং প্যানেলে ছিলেন তিনি। ২০১৬ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তবে ২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। তবে জিম্বাবুয়ের এই কিংবদন্তি ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ আগস্ট ২০২৩









