ক্রিকেট

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ নারী দল

ঢাকা, ২৭ জুন – আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই দারুণ এক সুখবর পেয়েছে বাংলাদেশ। ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দলটি।

উল্লেখ্য, ২০২৮ সালের এই বৈশ্বিক আসরটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি নতুন নীতিমালা অনুযায়ী ২০২৬ আসরের দুই গ্রুপের শীর্ষ চারটি করে মোট আটটি দল পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

অন্যদিকে গ্রুপ বি থেকে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের মাধ্যমে শ্রীলঙ্কা এই তালিকায় অষ্টম দল হিসেবে যুক্ত হয়েছে। চামারি আতাপাত্তুর দল শেষ ওভারের স্নায়ুচাপ জয় করে সরাসরি খেলার নিশ্চয়তা পায়।

আয়োজক দেশ হিসেবে ২০২৮ বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ আগেই নিশ্চিত ছিল। আইসিসি ২০২৬ সালের ৬ জুলাই নারী টি-টোয়েন্টি দলের সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করবে। সেই সময়ের র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ অবস্থানে থাকা দল দশম দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আয়ারল্যান্ড সেই অবস্থানে রয়েছে এবং এতে করে তাদের সরাসরি খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। এছাড়া ২০২৭ সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফির কাঠামোও চূড়ান্ত করেছে আইসিসি।

আয়োজক শ্রীলঙ্কার পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ দল এই টুর্নামেন্টে অংশ নেবে। বর্তমানে এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এনএন/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language