এইচএসসি পরীক্ষা: কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে ডিএমপির নিষেধাজ্ঞা

ঢাকা, ৩০ জুন – আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রাজধানীর সকল পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ।
পরীক্ষার্থী ও পরীক্ষা পরিচালনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যতীত অন্য সবার জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে,
আগামী ২ জুলাই থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের বিভিন্ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালীন প্রতিদিন নির্দিষ্ট সীমানার ভেতর বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ২ জুলাই থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এস এম/ ৩০ জুন ২০২৬









