চট্টগ্রামে ছাত্রদল নেতা হত্যা: হাছান ও নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরু

চট্টগ্রাম, ৩০ জুন – জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর মাধ্যমে এই হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো। গত সোমবার টানা তৃতীয় দিনের মতো আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান।
সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল কাইয়ুম। এর আগে গত ২৮ জুন তিনি তার মক্কেলের অব্যাহতির দাবি জানিয়ে যুক্তি উপস্থাপন করেছিলেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরাও পর্যায়ক্রমে শুনানি শেষ করেন।
গত ২২ জুন প্রসিকিউশন পক্ষ আদালতে ২২ আসামির বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ ও ভিত্তি রয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছিল। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল ৩০ জুন অভিযোগ গঠনের আদেশ প্রদানের জন্য দিন নির্ধারণ করেছিলেন।
বর্তমানে এই মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ পাঁচজন গ্রেপ্তার রয়েছেন। মঙ্গলবার আদালতে ফজলে করিম বাদে অন্য চার গ্রেপ্তার আসামিকে হাজির করা হয়। মামলায় পলাতক ১৭ জনের মধ্যে সাবেক মন্ত্রী ছাড়াও সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিমসহ বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা রয়েছেন।
এস এম/ ৩০ জুন ২০২৬









