নরসিংদী

বাসায় ঢুকে কলেজছাত্রীকে হত্যা

নরসিংদী, ২৪ জুন – নরসিংদীর পলাশ উপজেলার জিনারদীতে বাসায় ঢুকে বিনা মিত্র (১৮) নামের এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ জুন) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের বড়িবাড়ি এলাকার বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে, শুক্রবার রাতে বাসায় ঢুকে কে বা কারা বিনা মিত্রকে ছুরিকাঘাতে হত্যা করে বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়।

নিহত কলেজছাত্রী বরাব গ্রামের মুকুঞ্জ মিত্রের মেয়ে।

স্থানীয়রা জানায়, বিনা মিত্র ঘোড়াশাল মুসাবিন হাকিম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল। দুই বছর আগে পড়ালেখা চলাকালীন ঘোড়াশাল পৌর এলাকার লাগাইল্লা গ্রামের জগদিস মিত্রের ছেলে সঞ্জয় মিত্রের সঙ্গে বাবা-মার অজান্তে প্রেম করে বিয়ে করে বিনা মিত্র। বিয়ের পর সে জানতে পারে সঞ্জয় আগেই বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। পরে সে ৫ থেকে ৬ মাস সংসার করে বাবার বাড়িতে চলে আসে। আর স্বামীর বাড়ি যায়নি। তবে, মাঝে মধ্যে তার স্বামী তাদের বাড়িতে আসা যাওয়া করতো। কিন্তু কিছুদিন ধরে তার স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিলো।

শুক্রবার (২৩ জুন) রাতে বরাব মন্দিরে পাশে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রথযাত্রার প্রসাদ খাওয়া শেষে বাড়িতে ফিরে আসে তারা। রাতে তার বাবা-মার থাকার ঘরের পাশের আরেকটি ঘরে পড়তে বসে বিনা। এসময় তার মা উর্মিলা মিত্র কবিরাজি চিকিৎসা নিতে পাশের বাড়িতে যায়। আর বাবা ও তার ভাই পাশের রুমে ঘুমিয়ে পড়ে। রাত ৯টার দিকে তার মা বাড়িতে এসে মেয়ের বিবস্ত্র মরদেহ দেখতে পায়। মেয়ের মরদেহের বুকে ছুরিকাঘাতের কাটা জখমের দাগ দেখা যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানা ও জেলা পুলিশ। আজ সকালে মরদেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ।

জিনারদী ইউপি সদস্য জয়ন্ত দাস বলেন, রাতে আমরা বিষয়টি জানতে পেরে চেয়ারম্যান ও প্রশাসনকে জানাই। পরে ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখি। খুবই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) সামসুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মরদেহের বুকে ছুরিকাঘাত ছিলো। এ ঘটনায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৪ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language