ঢালিউড

শাকিবের নতুন লুক দেখে মুগ্ধ আলমগীর-রুনা লায়লা

ঢাকা, ২৩ জুন – আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। সিনেমাটি মুক্তির আগেই নিজের বৃদ্ধ এক লুকে হৈ চৈ ফেলে দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ এই নায়ক।

সম্প্রতি ‘প্রিয়তমা’ সিনেমার একটি পোস্টার প্রকাশ পেয়েছে। যেখানে আশি বছর বয়সী এক বৃদ্ধের চরিত্রে ধরা দিয়েছেন শাকিব। তারকার এই বৃদ্ধ লুক দেখে মুগ্ধ হয়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

তাদের মধ্যে রয়েছে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও নির্মাতা আলমগীর ও উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লাও।

বৃহস্পতিবার (২২ জুন) নিজের ফেসবুকে শাকিবের প্রশংসা করেছেন আলমগীর। ‘প্রিয়তমা’র থার্ডলুক শেয়ার দিয়ে তিনি লিখেছেন, ‘চমৎকার কাজ করেছো শাকিব। অনেক শুভকামনা ও দোয়া রইল।’

আলমগীরের সেই পোস্টে মন্তব্য করেছেন তার স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি লিখেছেন, ‘ব্রাভো, ওয়েলডান। আমার পছন্দের অভিনেতাদের একজন সে। তার জন্য অনেক শুভকামনা।’

আলমগীর-রুনা লায়লা বাদেও শাকিবের এই লুকের প্রশংসা করেছেন ওমর সানি, পরীমণি, মাহিয়া মাহি, চয়নিকা চৌধুরীর মতো অসংখ্য তারকারা।

 

ছবিতে শাকিবকে দেখা গেছে সাদা পাকা লম্বা চুল ও দাড়িতে। সাদা পায়জামা-পাঞ্জাবি পরে একজন বৃদ্ধ বসে আছেন। মুখ ও হাতের চামড়ার ভাঁজে স্পষ্ট ফুটে উঠেছে বয়সের ছাপ। এক অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, ডন, এলিনা শাম্মী, সহীদ নবী প্রমুখ।

আইএ/ ২৩ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language