প্রবাসী কার্ড চালু হলে বিলুপ্ত হবে বিএমইটি কার্ড: প্রবাসী কল্যাণ মন্ত্রী

ঢাকা, ২ জুন – প্রবাসী কার্ড চালু হলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কার্ডের আর প্রয়োজন থাকবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
মন্ত্রী জানান যে প্রবাসীদের জন্য একটি সমন্বিত কার্ড ব্যবস্থা চালু করার লক্ষ্যেই সরকার কাজ করছে। একাধিক কার্ড ব্যবহারের ঝামেলা কমিয়ে একটিমাত্র কার্ডের মাধ্যমেই সব ধরনের রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত করা হবে।
এই কার্ডটি শুধু রেমিট্যান্স যোদ্ধাদের জন্য নয় বরং ইউরোপ এবং ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত সকল প্রবাসী এই কার্ডের জন্য আবেদন করার সুযোগ পাবেন। মন্ত্রী আরও উল্লেখ করেন যে প্রবাসী কার্ডটি অনেকটা ক্রেডিট কার্ডের মতো কাজ করবে।
একটি নির্দিষ্ট সেলের মাধ্যমে আবেদনসমূহ যাচাই করার পর যোগ্য ব্যক্তিদের এই কার্ড প্রদান করা হবে। এই প্রকল্পের মাধ্যমে কারেন্সি সুবিধা প্রদান এবং সহজে রেমিট্যান্স প্রেরণের জন্য বিশেষ ব্যাংক পেমেন্ট গেটওয়ে তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া কার্ডটির সঙ্গে ডিজিটাল পরিচয়পত্র এবং ট্র্যাকিং ব্যবস্থাও যুক্ত থাকবে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন যে প্রবাসীরা যাতে ভূমি সংক্রান্ত সেবা দ্রুত পান সেজন্য ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এই কার্ড প্রদর্শন করলে প্রবাসীরা হাসপাতালসহ বিভিন্ন নাগরিক সেবায় অগ্রাধিকার পাবেন। সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং মন্ত্রণালয়ের সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন।
এস এম/ ২ জুন ২০২৬









