মেহেন্দীগঞ্জে লঞ্চের ছাদ থেকে পড়ে কিশোর নিখোঁজ, সময়সূচি স্থগিত

বরিশাল, ২ জুন – বরিশালের মেহেন্দীগঞ্জে যাত্রীবাহী লোকাল লঞ্চের ছাদ থেকে পা পিছলে কালাবদর নদীতে পড়ে মো. রানা নামের ১৭ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরপশ্চিম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এমএল লিমা এক্সপ্রেস ৪ নামক লঞ্চটির চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নিখোঁজ রানা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে,
রানা তার বাবা ও মায়ের সঙ্গে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে মেহেন্দীগঞ্জে গিয়েছিল। মঙ্গলবার সকালে নিজ এলাকায় ফেরার উদ্দেশ্যে তারা লোকাল লঞ্চে রওনা হন। লঞ্চটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই অসাবধানতাবশত রানা ছাদ থেকে পা পিছলে নদীতে পড়ে যায়।
সাঁতার না জানায় মুহূর্তের মধ্যেই সে প্রবল স্রোতে তলিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা নৌকা ও জাল নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরবর্তীতে খবর পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কালীগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. এনামুল জানান, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে যাত্রী নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট লঞ্চটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ থেকে জানানো হয়, লঞ্চটি চলাচলের সময় ছাদে যাত্রী বহন করছিল যা নৌ নিরাপত্তার পরিপন্থি। এই কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোল্লা ট্রান্সপোর্ট কোং এর অধীনস্থ ওই লঞ্চের সময়সূচি বাতিল করা হয়েছে।
এস এম/ ২ জুন ২০২৬









