মালয়েশিয়ায় আম রপ্তানির তোড়জোড়: সরেজমিনে পরিদর্শনে আসছে প্রতিনিধি দল

ঢাকা, ২ জুন – সব কিছু ঠিক থাকলে চলতি আম মৌসুমেই মালয়েশিয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের তাজা আম। এই লক্ষ্য অর্জনে মালয়েশিয়ার কৃষি বিভাগের দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী ৭ থেকে ১৩ জুন বাংলাদেশ সফর করবে।
তারা দেশের বিভিন্ন আম উৎপাদন এলাকা, প্যাকিং ব্যবস্থা এবং রপ্তানি প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন। মঙ্গলবার কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রপ্তানি পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে ২০২৩ সাল থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি তাজা আম রপ্তানির সুযোগ তৈরিতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে বাংলাদেশ হাইকমিশন।
হাইকমিশন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগের মাধ্যমে মালয়েশিয়ার কৃষি বিভাগের চাহিদা অনুযায়ী তথ্য আদান প্রদানসহ পেস্ট রিস্ক অ্যানালাইসিস রিপোর্ট প্রেরণ করেছে।
এই লক্ষ্যে হাইকমিশন মালয়েশিয়ার কৃষি বিভাগসহ বিভিন্ন ব্যবসায়িক চেম্বার, আমদানিকারক ও সুপারশপের সঙ্গে একাধিক সভা করেছে। মালয়েশিয়ার বাজারে আমের ব্যাপক চাহিদা এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি থাকায় এই বাজারের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
বাংলাদেশ সরকার ও হাইকমিশনের সক্রিয় প্রচেষ্টায় মালয়েশিয়ার কৃষি বিভাগ বাগান ও প্যাকিং সুবিধাগুলো যাচাইয়ের প্রস্তাব দেয়। মালয়েশিয়ান সরকারের নিয়ম অনুযায়ী কীটপতঙ্গ ঝুঁকি বিশ্লেষণ সম্পন্ন করার পূর্বশর্ত হিসেবে এই পরিদর্শন অপরিহার্য।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প এই পরিদর্শনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। প্রয়োজনীয় মান ও নিরাপত্তা শর্ত পূরণ হলে চলতি মৌসুমেই দেশটিতে আম রপ্তানি শুরু হবে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশেও আম রপ্তানির নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ২ জুন ২০২৬









