জুনে বৃষ্টির ঘাটতি ও তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

ঢাকা, ২ জুন – চলতি জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। জুন মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায় যে চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাসের প্রথমার্ধেই সারা দেশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষাকাল বিস্তার লাভ করতে পারে।
এ মাসে দেশে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে যে জুন মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে।
এ সময় দেশের বিভিন্ন স্থানে দুই থেকে তিনটি বিচ্ছিন্নভাবে মৃদু যা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি যা ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের প্রধান নদ নদীসমূহের পানির প্রবাহ স্বাভাবিক থাকতে পারে।
তবে আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। উল্লেখ্য যে মে মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত স্বাভাবিক ছিল। তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হলেও অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এস এম/ ২ জুন ২০২৬









