মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না: ইরান

তেহরান, ৩ আগস্ট – হরমুজ প্রণালির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে ইরানের অবস্থান পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানিয়েছেন যে হরমুজ প্রণালি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। ওমানের সঙ্গে এই প্রণালিটি নিয়ে আলোচনা চললেও এর লক্ষ্য মূলত একটি নির্দিষ্ট নিরাপদ সামুদ্রিক চলাচল কাঠামো তৈরি করা।

রবিবার রাতে এক সাক্ষাৎকারে বাঘাই বলেন যে ভবিষ্যতে এই প্রণালির ব্যবস্থাপনা ইরানের সার্বভৌম অধিকার ও আঞ্চলিক নিরাপত্তাকে কেন্দ্র করেই নির্ধারিত হবে। তিনি জোর দিয়ে বলেন যে কোনো অবস্থাতেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের আগের পরিস্থিতিতে হরমুজ প্রণালিকে ফিরিয়ে নেওয়া হবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক ওমান সফরের পর বিষয়টি নিয়ে আলোচনার গতি বেড়েছে। যুদ্ধ বিরতি সংক্রান্ত সমঝোতা স্মারকের পঞ্চম ধারা অনুযায়ী ওমানের সঙ্গে পরামর্শ করে প্রণালির ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

ইসমাইল বাঘাই আরও জানান যে ভবিষ্যতে বর্তমান উত্তর বা দক্ষিণ পথের পরিবর্তে একটি নতুন নৌপথ নির্ধারণ করা হতে পারে এবং এই প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষকে যুক্ত করা হবে না। মার্কিন কর্মকর্তাদের হুমকি ও ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন যে এগুলো মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ এবং ইরানকে কোনো চাপ দিয়ে অবস্থান থেকে সরানো সম্ভব নয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় বুলগেরিয়া, যুক্তরাজ্য ও ইউক্রেনের কূটনৈতিক যোগাযোগের কথা উল্লেখ করে তিনি সতর্ক করেন যে কোনো দেশ যদি ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়তা করে তবে তাদেরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক আইন ও আত্মরক্ষার অধিকার অনুযায়ীই ইরান তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button