এশিয়া

লোহিত সাগরে হুথিদের অবরোধের মধ্যেও নিরাপদ চীনা জাহাজ

বেইজিং, ৩ আগস্ট – লোহিত সাগরে হুথিদের কঠোর সামুদ্রিক অবরোধের মধ্যেও চীন সংশ্লিষ্ট জাহাজগুলো নিরাপদে চলাচল করছে। আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চীন সংশ্লিষ্ট অন্তত ২২টি বাণিজ্যিক জাহাজ বাব আল মান্দেব প্রণালী অতিক্রম করে সৌদি আরবের বন্দরে পৌঁছেছে।

লক্ষ্যণীয় বিষয় হলো, এই জাহাজগুলোর একটিও হুথি হামলার শিকার হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, লোহিত সাগরে চীনা জাহাজের জন্য দৃশ্যত ভিন্নধর্মী একটি প্রবেশাধিকার নীতি কাজ করছে। একই সময়ে সৌদি আরবের চারটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে হুথিরা।

গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিক সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পর থেকে এই অঞ্চলে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। উইন্ডওয়ার্ড আরও জানিয়েছে, হরমুজ প্রণালীতেও প্রায় একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।

হংকংয়ের পতাকাবাহী একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসি গত ৩০ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে কোনো বাধা ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করে। এই যাত্রাপথে জাহাজটি তার অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা এআইএস সচল রেখেছিল এবং নিজেদের পরিচয় হিসেবে চীনা ক্রু এবং মালিকানার তথ্য প্রচার করছিল।

বিশ্লেষকরা মনে করছেন, নিজেদের নিরাপদ রাখতে অনেক জাহাজ এখন এই বিশেষ কৌশল অবলম্বন করছে। হংকংয়ের ওই জাহাজটি ইরাকের আল বাসরাহ টার্মিনাল থেকে প্রায় ২১ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। মূলত হুথিদের লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচতেই জাহাজগুলো নিজেদের চীনা সংযোগ স্পষ্টভাবে প্রদর্শন করছে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ৩ আগস্ট ২০২৬


Back to top button