আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ! গ্রিসে দাবানল নেভানোর সময় ভয়াবহ দুর্ঘটনা

এথেন্স, ৩ আগস্ট – গ্রিসের রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে এবং আতিকা অঞ্চলের পসাথা এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় দুটি অগ্নিনির্বাপক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি হেলিকপ্টারে থাকা গ্রিস ও ডেনমার্কের দুই নাগরিক প্রাণ হারিয়েছেন। তবে অন্য হেলিকপ্টারে থাকা গ্রিক ও ব্রিটিশ দুই ক্রু সদস্য অলৌকিকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যান।
কর্তৃপক্ষের পক্ষ থেকে সংঘর্ষের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। রোববার ৩ আগস্ট এই দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, নিচ দিয়ে উড়ে যাওয়া একটি হেলিকপ্টারের প্রধান রোটর ওপরের আরেকটি হেলিকপ্টারের নিচের অংশে সজোরে আঘাত করে। এর ফলে নিচের হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় এবং সেটি বিধ্বস্ত হয়। তবে এই ভিডিওটির সত্যতা রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে গ্রিসের বোয়োশিয়া অঞ্চল থেকে ছড়িয়ে পড়া আগুন পরবর্তীতে আতিকা এলাকায় ব্যাপক আকার ধারণ করে।
স্থানীয় সংবাদমাধ্যম ই-কাথিমেরিনির প্রতিবেদন অনুযায়ী, প্রচণ্ড বাতাসের প্রভাবে বেসরকারি বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে সৃষ্ট স্পার্ক বা আগুনের ফুলকি থেকে এই দাবানলের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় অবহেলার অভিযোগে ইতোমধ্যে দুই গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও এক ব্যক্তির সন্ধান চালানো হচ্ছে।
এদিকে এথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে করিন্থ উপসাগর সংলগ্ন পোর্তো জারমেনো এলাকায় বাতাসের গতি কিছুটা কমলেও আগুন পাহাড় পেরিয়ে ভেনিজা এলাকায় ছড়িয়ে পড়েছে। সেখানে একটি সামরিক ফায়ারিং রেঞ্জে আগুন লাগার ফলে অবিস্ফোরিত গোলাবারুদ থেকেও আগুনের সূত্রপাত হয়েছে।
প্রায় ৩০ হাজার মানুষের বসতিপূর্ণ উপকূলীয় শহর মেগারার দিকে দাবানলের বিস্তার ঠেকাতে জরুরি সেবাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এনএন/ ৩ আগস্ট ২০২৬









