বলিউড

বাধ্য হয়ে আবেদন প্রত্যাহার করলেন জ্যাকলিন

মুম্বাই, ২৩ ডিসেম্বর – বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের দেশের বাইরে যাওয়ার ব্যাপারে আদালত সম্মত না হওয়ায় বাধ্য হয়ে আবেদন প্রত্যাহার করেছেন তিনি।

গত মঙ্গলবার দিল্লির পাতিয়ালা হাউস পরিবারের সঙ্গে দেখা করতে বাহরাইন যাওয়ার অনুমতি চান এই বলিউড অভিনেত্রী।

আদালতের তরফে বৃহস্পতিবার উপদেশ দেওয়া হয় এই মামলা আপাতত ‘সংবেদশীল’ পর্যায়ে রয়েছে, সম্ভব হলে জ্যাকলিনের উচিত বিদেশ যাওয়ার পরিকল্পনা ত্যাগ করা।

এদিন আদালতে শুনানি চলাকালীন জ্যাকলিনের আইনজীবী আদালতকে জানায়, অভিনেত্রীর মা ২০২১ সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোকের শিকার হন, তারপর থেকে গুরুতর অসুস্থ তিনি। মানবিকতার খাতিরে জ্যাকলিনের আবেদন মঞ্জুরের কথা বলা হয়।

আদালত পালটা প্রশ্ন করেন, কীভাবে জ্যাকলিন ওই দেশে যাওয়ার ভিসা পাবেন? জবাবে অভিনেত্রীর আইজীবী জানান, ‘তার বাবা-মা ওই দেশেই থাকে। আগে থেকেই জ্যাকলিনের কাছে বাহরাইনের ভিসা রয়েছে।’

এরপর আদালত জ্যাকলিনের বিদেশযাত্রায় ‘আপত্তি’ তুলে বলে এই মুহূর্তে সুকেশ মামলা খুব গুরুত্বপূর্ণ ধাপে রয়েছে, শুনানি চলাকালীন জ্যাকলিনের উপস্থিতি জরুরি।

অন্যদিকে ইডির তরফেও জ্যাকলিনের এই আবেদনের বিরোধিতা করা হয়। তারা স্পষ্ট জানায়, জ্যাকলিন বিদেশি নাগরিক। একবার দেশ ছাড়লে তাকে ফেরানো কঠিন হতে পারে এমনটাও জানায় ইডি।

সবশেষে আদালত জ্যাকলিনের উদ্দেশে বলেন, ‘আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি আপনি এই আবেদন প্রত্যাহার করতে চান, নাকি এই নিয়ে বিচার বিভাগের রায় শুনতে চান?’ এমনটা জেনে জ্যাকলিন নিজের আবেদন প্রত্যাহার করে নেন।

আইএ/ ২৩ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language