বলিউড

নারীদের পশ্চিমা পোশাক নিয়ে মেয়ে ও নাতনির কাছে প্রশ্ন জয়ার

মুম্বাই, ১৯ নভেম্বর – আজকালকার মেয়েরা কেন এত বেশি পশ্চিমা পোশাক পরে- প্রশ্নটি তুলেছেন অভিনেত্রী জয়া বচ্চন। ‘‌হোয়াট দ্য হেল নভ্য’ নামে একটি অনুষ্ঠানে নিজের মেয়ে শ্বেতা বচ্চন এবং নাতনি নভ্য নাভেলি নন্দার সঙ্গে একই মঞ্চে উপস্থিত হয়ে এ প্রশ্ন করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস।

নভ্যর পডকাস্ট শো’তে মেয়ে ও নাতনিকে জয়া জিজ্ঞাসা করেন, তোমরা দুজনেই বলো, ইদানীংকালের মেয়েরা কেন এত বেশি পশ্চিমা পোশাক পরে। আমি শুধু জানার জন্য জিজ্ঞাসা করছি।

নভ্য সোজাসুজি উত্তর দেন, তিনি জানেন না। তবে শ্বেতা বলেছেন, যেহেতু ইদানীংকালের মেয়েরা বাইরে বেশি যাচ্ছে, চাকরি বা অন্যান্য দায়িত্ব সামলাচ্ছে ফলে তারা সহজে সামলানোর উপযুক্ত পোশাকের দিকে ঝুঁকছে। আমার ধারণা, একটি প্যান্ট পায়ে গলানো আর আর শাড়ির কুঁচি ঠিক করা এক ব্যাপার নয়।

শ্বেতার জবাবে জয়া বলেন, আমরা ধরেই নিয়েছি, প্যান্ট ও টিশার্ট নারীদের আত্মবিশ্বাসের প্রতীক। আসলে নারীশক্তি বা নারীর আত্মবিশ্বাসের সঙ্গে পোশাকের সম্পর্ক গৌণ। তাছাড়া পশ্চিমারাও শুরু থেকেই এ ধরনের পোশাক পরতেন না।

আমি কাউকে শাড়ি পরে থাকতে বলছি না। নিশ্চয়ই মানুষ যার যার সুবিধামতো পোশাক পরবেন; এও বলেন বিখ্যাত অভিনেত্রী ও রাজনীতিক।

জবাবে শ্বেতা বলেন, শুরু থেকেই পশ্চিমারা এসব পোশাক পরতেন না, তা ঠিক। শিল্প বিপ্লবের সময় দেশগুলোতে নারীরা কলকারখানায় কাজ করতে শুরু করেন। আসলে তখনই এ ধরনের পোশাক জনপ্রিয় হয়। কারণ, প্যান্ট পরে ভারি মেশিন সামলানো অপেক্ষাকৃত সহজ।

সর্বশেষ করণ জোহরের ‘‌রকি অর রানি কি প্রেম কাহানি’ ছবিতে কাজা করেছেন জয়া বচ্চন। তার সঙ্গে আছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, আলিয়া ভাট ও রণবীর সিং। আগামী এপ্রিলে মুক্তি পাবে সিনেমাটি।

এন এ/ ১৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language