হজ পালন শেষে দেশে ফিরেছেন ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি

ঢাকা, ৫ জুন – পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী দেশে ফিরেছেন। মোট ৭১টি ফিরতি ফ্লাইটে তারা নিরাপদে স্বদেশে প্রত্যাবর্তন করেন। এদিকে সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন।
তাদের মধ্যে ৩৫ জন মক্কায় এবং ১১ জন মদিনায় ইন্তেকাল করেন। আজ শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ফিরতি ফ্লাইটের এই কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় জানায়, দেশে ফেরা হাজিদের মধ্যে ৩ হাজার ৩২৮ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ২৬ হাজার ৩৬৬ জন বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব গিয়েছিলেন।
এয়ারলাইনস ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়,
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৯ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইনস ১১ হাজার ৩৩১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে বহন করেছে। এ ছাড়া অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইটে আরও ৬৮২ জন যাত্রী দেশে ফিরেছেন। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে।
এস এম/ ৫ জুন ২০২৬









