বলিউড

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা, অবশেষে প্রাক্তন প্রেমিক রাহুল গ্রেফতার

মুম্বাই, ২০ অক্টোবর – ভারতীয় অভিনেত্রী বৈশালী ঠাক্করকে আত্মহত্যা করার প্ররোচনা দেওয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে গ্রেফতার দেশটির পুলিশ। বৈশালীর আত্মহত্যার পর থেকেই তিনি পলাতক ছিলেন। বুধবার রাহুলকে ইনদওর থেকে গ্রেফতার করা হয়।

ইনদওরের পুলিশ কমিশনার হরিনারায়ণচারী মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাহুলের বিরুদ্ধে অভিনেত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আগেই মামলা হয়েছিল। ওই অভিযোগ ওঠার পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তবে বুধবার তাকে ইনদওর থেকে পাকড়াও করা হয়েছে। রাহুলের পাশাপাশি তার স্ত্রী দিশার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

প্রসঙ্গত, ১৫ অক্টোবর ইনদওরে নিজের বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার হয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী বৈশালীর। সে সময় একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তাতে প্রাক্তন প্রেমিক রাহুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করা ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৈশালীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, ব্যবসায়ী রাহুলের সঙ্গে তাদের মেয়ের সম্পর্ক ছিল। সে বিষয়ে সবই জানতেন তারা। পুলিশের কাছে তাদের দাবি, বৈশালীকে হেনস্থা করতেন রাহুল। তার বিরুদ্ধে নানা গুজব ছড়াতেন তিনি। এমনকি, বারবার বৈশালীর বিয়ের কথা পাকা হয়ে গেলেও তার হবু স্বামীর কাছে অভিনেত্রীর নামে কুৎসা রটাতেন। এর আগে কেনিয়ানিবাসী এক দন্তচিকিৎসকের সঙ্গে বৈশালীর বিয়ে স্থির হলেও তা নাকি রাহুলের বাগড়াতেই তা ভেঙে যায়। ওই দন্তচিকিৎসককে বৈশালীর নানা ছবি এবং ভিডিও পাঠিয়েছিলেন রাহুল। এরপরই বিয়ে ভেঙে দেন বৈশালীর হবু স্বামী।

ওই ঘটনার পর আবার একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। আমেরিকানিবাসী সফ্টয়্যার ইঞ্জিনিয়ার মিতেশকুমার গোরের সঙ্গে বৈশালীর বিয়ে স্থির হয়েছিল ২০ অক্টোবর। তবে বিয়ের পাঁচ দিন আগে ১৫ অক্টোবর রাহুলের প্ররোচনাতেই তা-ও ভেঙে যায় বলে দাবি পরিবারের।

আইএ/ ২০ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language