কাঠগড়ায় মজনুর আত্মহত্যার হুমকি

ঢাকা, ১৯ নভেম্বর- রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণ মামলায় একমাত্র আসামি মজনু যাবজ্জীবন কারাদণ্ডের রায় শুনে ক্ষেপে যান। এর আগেও পুলিশের সঙ্গে কয়েকবার উদ্ধত আচরণ করেন তিনি।
আদালতের কাঠগড়ায় তোলার সময় মজনু অস্বাভাবিক আচরণ করতে থাকেন। পুলিশ ও আইনজীবীদের অকথ্য ভাষায় গালাগালি ও চেঁচামেচি করতে থাকেন।
এ সময় চিৎকার করে মজনু বলেন, আমি ধর্ষণ করি নাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আমাকে ছেড়ে না দিলে লাফ দিয়ে মরে যাব।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম মোসাম্মৎ কামরুন্নাহার এ রায় ঘোষণা করেন।
এ রায় ঘোষণার মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম মাত্র ১৩ কর্মদিবসে শেষ হল। গত ১২ নভেম্বর এ মামলায় একমাত্র আসামি মজনুর আত্মপক্ষ সমর্থন এবং রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায়ের জন্য এ দিন ধার্য করেন।
গত ৫ জানুয়ারি ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এরপর গত ৮ জানুয়ারি শেওড়া বাসস্ট্যান্ড থেকে ধর্ষণের ঘটনায় মজনুকে গ্রেফতার করে র্যাব। গত ৯ জানুয়ারি আদালত মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৬ জানুয়ারি মজনু দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ
আর/০৮:১৪/১৯ নভেম্বর









