জাতীয়

একনেক সভায় ৯৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

ঢাকা, ১৯ আগস্ট – জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সংবলিত ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা জোগান দেওয়া হবে।

প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থাপিত ১০টি প্রকল্পের মধ্যে ৬টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ঢাকা মেডিকেল কলেজের জরাজীর্ণ স্থাপনা প্রতিস্থাপন এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক হোস্টেল ভবন নির্মাণের দুটি প্রকল্প অনুমোদন লাভ করেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজের আধুনিক রক্ষণাবেক্ষণ প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধির প্রকল্পটিও সভায় গৃহীত হয়।

পানিসম্পদ খাতের অধীনে লালমনিরহাটের ধরলা নদীর ভাঙন রক্ষা এবং চট্টগ্রামের সীতাকুণ্ড ও কুমিরার উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে গ্রামীণ সড়ক পুনর্বাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির সংশোধিত প্রকল্প অনুমোদিত হয়।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ঢাকার ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো শক্তিশালীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিরক্ষা খাতের উন্নয়নে রামু সেনানিবাসের অবকাঠামো নির্মাণের একটি প্রকল্পও একনেকে পাশ হয়। সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত আরও নয়টি প্রকল্পের বিষয়েও উপস্থিত সদস্যদের অবহিত করা হয়।

এস এম/ ১৯ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language