জাতীয়

বেসরকারি হাসপাতালের ‘ফি’ নির্ধারণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ১৮ নভেম্বর- হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন সেবার ‘ফি’ সরকার নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বুধবার বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের সেবা নিয়ে সচিবালয়ে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামীতে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিকের যেসব চার্জ হবে এবং উনারা সেবা দেবেন, সেই সেবার মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। সেটা উনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে করা হবে। যে চার্জ নির্ধারণ করে দেওয়া হবে সেগুলো ডিসপ্লে করতে হবে। সেখানে থাকবে এই ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই সেবা দেওয়া হয়, এই সেবার মূল্য এই। যেটা তারা একটা বোর্ডে দিয়ে দেবেন, যেটা সরকারি হাসপাতালে আছে’।

বেসরকারি হাসপাতালগুলোর ক্যাটাগরি নির্ধারণ করা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন হাসপাতালের মানও আলাদা, কোনো বড় হাসপাতাল বা ক্লিনিকে হয়ত অনেক অর্থ ব্যয় করা হয়েছে। তাই ক্যাটাগরি নির্ধারণ করে দেওয়া হবে।

মন্ত্রী বলেন, ‘জনগণ যাতে প্রতারিত না হয়। জনগণ যাতে সঠিক মূল্যে চিকিৎসা পায়। পরীক্ষা-নিরীক্ষা সঠিক মূল্যে করতে পারে। আমরা কমিটি গঠন করে দেব। কমিটি আস্তে আস্তে তাদের নিয়ে এই কাজগুলো করে সুন্দর একটি সমাধান দেবে’।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা দেখলাম, মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি যাতে আমাদের আওতার বাইরে চলে না যায়, সেজন্য আমি জনগণের কাছে আহ্বান জানাব, তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, মাস্ক পরেন। আমি দেখলাম, স্টেডিয়ামে হাজার হাজার মানুষ খেলা দেখছে। আমি মনে করি এখনও সময় হয়নি, এটি সংক্রমণ বৃদ্ধি করবে।

সূত্র: দেশ রূপান্তর
আডি/ ১৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language