বাইরে থেকে দেশ অশান্ত করার চেষ্টা করছে পলাতকরা; রিজভী

ঢাকা, ২৩ সেপ্টেম্বর- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে, আর দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা এতে বাতাস দিচ্ছে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, জ্বালানির দাম বেড়েছে দাবি করে একটি পক্ষ সড়কে নেমেছে। কিন্তু পৃথিবীর অনেক দেশেই এখন সংকট চলছে। বিরোধীদলের যারা বড় বড় কথা বলছেন, তাদের খবরের কাগজ পড়া উচিত। তিনি বলেন, বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, গত ১৭ বছর তা করা যায়নি।
জামায়াত এক হাজার গাড়ি নিয়ে লং মার্চ করছে উল্লেখ করে তিনি বলেন, এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে।
রিজভী বলেন, এত সংকটের পরও সরকার জনগণকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে।
এস এম/ ২৩ সেপ্টেম্বর ২০২৬







