বঙ্গবন্ধুর সম্মানে টাইটানের বিশেষ ঘড়ি

ঢাকা, ১৭ নভেম্বর- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে বিশেষ মডেলের ঘড়ি তৈরি করেছে ভারতীয় শিল্পগোষ্ঠী টাটার অঙ্গ প্রতিষ্ঠান টাইটান। তিনটি মডেলের ঘড়ির ডায়ালেই রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্বাক্ষর।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বিশেষ সংস্করণের তিনটি হাতঘড়ি উন্মোচন করা হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘড়ি তিনটি উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। তিনি স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধুকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন তা স্মরণ করেন বিক্রম দোরাইস্বামী।
বিশ্বের অন্যতম বৃহৎ ঘড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টাইটান। বিশ্বের সবচেয়ে নামিদামি ঘড়ির জন্য প্রসিদ্ধ টাটা কোম্পানির অঙ্গ এ প্রতিষ্ঠান।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আর/০৮:১৪/১৭ নভেম্বর







