বলিউড

বিয়ের জন্য পাত্রী পছন্দ করেছেন অভিনেতা প্রভাস?

হায়দ্রাবাদ, ১২ জুন – ‘বাহুবলি’ সিনেমাখ্যাত তারকা অভিনেতা প্রভাস। ভারতের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষদের একজন তিনি। তবে বয়স চল্লিশ পার হলেও এখনো অবিবাহিত ‘ইয়ং রেবেল’ খ্যাত এই তারকা।

তবে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রভাস। এই অভিনেতার বিয়ের পাত্রীও নির্ধারণ করেছে তার পরিবার। প্রভাসও নাকি তাতে মত দিয়েছেন। সবকিছু ঠিক থাকলেও এই বছরই শুভ কাজটি সেরে ফেলবেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো পাওয়া যায়নি।

এদিকে গত মার্চে আচার্য বিনোদ কুমার নামের এক জ্যোতিষী তার ভবিষ্যদ্বাণীতে জানান, খুব শিগগির বিয়ে করবেন প্রভাস। এই বছরটা তার জন্য বিশেষ হবে।

তবে কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে প্রভাস জানান, সময় হলে নিজেই খবর সবাইকে জানাবেন। তিনি বলেন ‘যেখানেই যাই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আমার বেশ মজাই লাগে। এর থেকে বোঝা যায় অনুরাগীরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালোবাসেন। তাই অনুরাগীদের বলতে চাই—খুব শিগগির বিয়ে করছি। তবে এখন কিছু বলবো না। ঠিক সময়েই ঘোষণা করবো। আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে।’

‘বাহুবলি’ সিনেমার সাফল্যের পর রীতিমতো তারকা বনে যান এই নায়ক। দীর্ঘ চার বছর সিনেমাটির জন্য সময় দিয়েছেন তিনি। সিনেমাটির প্রতি মনোযোগ যেন নষ্ট না হয়, এজন্য বিয়ে পিছিয়ে দিয়েছিলেন বলেও তখন শোনা যায়। ‘বাহুবলি’ মুক্তির পর প্রভাসের বিয়ে নিয়ে জল ঘোলা কম হয়নি। গুঞ্জন শোনা যায়, সিনেমায় তার সহ-অভিনেত্রী আনুশকা শেঠিকে বিয়ে করছেন প্রভাস। পরবর্তী সময়ে এ জুটি জানান, এ গুঞ্জন সত্য নয়।

এম এস, ১২ জুন


Back to top button
🌐 Read in Your Language