সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানে ৬৭ মামলা, ১০৩ গাড়ি জব্দ

সিলেট, ১১ নভেম্বর- সিলেটের সড়কে শৃঙ্খলা ফেরানো ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ আটটি চেকপোস্টের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করছে।
বুধবার (১১ নভেম্বর) সিলেটের তেমুখী বাইপাস, কোম্পানিগঞ্জ বাইপাস, সুরমা বাইপাস, শ্রীরামপুর বাইপাস, প্যারাইরচক বাইপাস, অতিরবাড়ি (মহাসড়ক) বাইপাস, মেন্দিবাগ ও চৌহাট্টা পয়েন্টে আটটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ।
অভিযানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক, মোটরসাইকেলে তিনজন আরোহী ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নিবন্ধনবিহীন ১০৩ সিএনজিচালিত অটোরিকশা ডাম্পিং করা হয়। এছাড়াও ট্রিপল রাইডার ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ৬৭টি প্রসিকিউশন দাখিল করা হয়। পরে সন্ধ্যায় মহানগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়ছল মাহমুদ জানান, নিয়মিত ডিউটির পাশাপাশি চেকপোস্টের মাধ্যমে অভিযান আরও জোরদার করা হবে। নগরবাসীকে সড়ক পরিবহন আইন মেনে চলতে সচেতন করা হচ্ছে।
সূত্রঃ জাগো নিউজ
আডি/ ১১ নভেম্বর









