সিলেট

আকবরের পক্ষে দাঁড়াননি সিলেটের কোনো আইনজীবী

তাহের রাব্বী

সিলেটে, ১১ নভেম্বর- সিলেটের আইনজীবীরা আবারও আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যার নেপথ্যকারী এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মঙ্গলবার আদালত নেওয়া হলে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। এর আগে এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামিদের পক্ষেও জেলা আইনজীবী সমিতির কোনো সদস্য আদালতে দাঁড়াননি।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কঠোর পুলিশি পাহারায় পিবিআই তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে হাজির করেন। তখন তদন্ত কর্মকর্তা আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। তখন আসামি আকবরের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম বলেন, নৃশংস এ ঘটনায় আকবরের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। সমিতির কোনো সিদ্ধান্তে নয়, সবাই নিজ নিজ অবস্থান থেকে এটি করেছেন বলে তিনি জানান।

উল্লেখ্য, সোমবার সকালে কানাইঘাটের দোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় আকবরকে গ্রেফতার করে পুলিশ। জেলা পুলিশ সোমবার সন্ধ্যা ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করে।

সূত্রঃ নতুন সময়
আডি/ ১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language